হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় বাংলা মদ, ইস্কফ সিরাপ ও বাংলাদেশি রাবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৫ ব্যাটালিয়ন। গত ২৪ ঘণ্টায় সিন্দুরখান, চিমটিবিল ও তেলিয়াপাড়া বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৪ আগস্ট বেলা ১১টার দিকে সিন্দুরখান বিওপির টহলদল শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হুগলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা একটি পরিত্যক্ত বস্তা থেকে ৭৬ কেজি বাংলাদেশি রাবার জব্দ করা হয়।
একই দিন বিকেল ৫টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল তেলিয়াপাড়া লেকেরপাড় এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিদের লুকিয়ে রাখা ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করে।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির টহলদল চিমটিবিল আমু চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৩০ লিটার ভারতীয় বাংলা মদ জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য ও রাবারের আনুমানিক সিজার মূল্য ৬০ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ৫৫ বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পড়ুন : মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় কাল


