মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার আর্থিক সহায়তা দেবে।
বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ‘আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এমপি বানিয়ে মন্ত্রিত্ব হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজ আপনাদের সব কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি।’
তিনি বলেন, বিএনপির একনিষ্ঠ কর্মীরা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করে কাজ করছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে বিএনপির কর্মী সংখ্যা বাড়াতে হবে। যোগ্য ব্যক্তিদের দলের কর্মী হিসেবে যুক্ত করতে হবে।
জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি একা চলার দল নয়। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপির পতাকাতলে নিয়ে আসার নাম হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।’
দলের নেতাকর্মীদের সহনশীল আচরণের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গ্রাম-গঞ্জের দরিদ্র পরিবারের যেসব শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদের চিহ্নিত করে পাশে দাঁড়াতে হবে। সরকার এসব শিশুকে আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।
এ ছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসাসেবার জন্য সরকার সহযোগিতা করবে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।


