ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল (২৮) নামে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে থেকে র্যাব-৪ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় ওয়াজেদ হাজীর ভাড়া নেওয়া একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানি তোলার মোটর চুরি হয়। ওই ঘটনায় শংকরকে সন্দেহ করে গত ৮ আগস্ট রাতে তাকে রাইস মিলের অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে হাত-পা বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ রয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় শংকরকে বাড়িতে পাঠানো হয়। পরদিন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। তবে আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। পরে বাড়িতে চিকিৎসাহীন অবস্থায় ১৫ আগস্ট ভোরে শংকর মারা যান। শংকর মারা যাওয়ার পর থেকেই ওয়াজেদ হাজী পলাতক ছিলেন।
এ ঘটনায় শংকরের বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন। মামলার ছায়াতদন্তের অংশ হিসেবে র্যাব তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ওয়াজেদ হাজীর অবস্থান শনাক্ত করে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াজেদ হাজী ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন:মোবাইল উদ্ধারের নামে চাঁদাবাজি: শ্রীপুরে এএসআই এমদাদুলের ঘুস কাণ্ড
ইমি/


