উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেল। প্রতিদ্বন্দ্বী খোকন-মুকুল প্যানেলকে বড় ব্যবধানে পরাজিত করে কার্যনির্বাহী কমিটির সব পদেই জয় তুলে নিয়েছেন প্যানেলটির প্রার্থীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে কুড়িগ্রাম শহরের দাদা মোড় এলাকায় রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় ঘিরে ছিল উৎসবের আমেজ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোটের আনুষ্ঠানিকতা।
ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল।
ঘোষিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে শামসুল-মোস্তফা প্যানেলের শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত হোসেন খোকন পেয়েছেন ২৫ ভোট।
সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট।
সদস্য পদেও ছিল শামসুল-মোস্তফা প্যানেলের দাপট। নির্বাচিত হয়েছেন হাসান যোবায়ের হিমেল ৪৩৩ ভোট, **অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ৪৩১ ভোট, শফিকুল ইসলাম বেবু ৪২৭ ভোট,জহুরুল আলম ৪২৬ ভোট এবং কফিল উদ্দিন খোকন ৪২৪ ভোট পেয়ে।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলের সদস্য প্রার্থীদের মধ্যে মাসুম মিয়া ৩৬, নাহিদ হাসান ২৮, মাহমুদুল হাসান ২৪ এবং মতিয়ার রহমান ১৬ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটে মোট ভোটার ছিলেন ৬৬৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৭৭ জন। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে বড় ব্যবধানে জয়কে সদস্যদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন বিজয়ী প্যানেলের সমর্থকরা। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রমসহ রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।
নব নির্বাচিত সেক্রেটারি ও জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,
একটি সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ভোটের এই শান্তিপূর্ণ আয়োজন যেমন সদস্যদের অংশগ্রহণের চিত্র তুলে ধরেছে, তেমনি নতুন কমিটির সামনে তৈরি করেছে মানুষের প্রত্যাশা পূরণের নতুন দায়িত্বও।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

