নেত্রকোনার কেন্দুয়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের ইটখলা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার জাংগালিয়া গ্রামের রাকিব রায়হান (৪২), সান্দিকোনা গ্রামের রবিন মিয়া (২৭), হারাকান্দি গ্রামের বিপ্লব হাসান (২৭) ও মাহমুদুল হাসান (২০) এবং রঘুনাথপুর গ্রামের বাবু মিয়া (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের ইটখলা সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই সদস্যরা ভোররাতে মিছিল বের করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজুসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

