নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাড়ির পাশে কচুর লতি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আসমা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া এলাকায় হৃদয় বিদারক এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম ওই এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশিদা বেগম অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। রবিবার সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দুপুর তিনটার দিকে তিনি বাড়ির পাশের ঝোপে কচুর লতি তুলতে যান। লতি তোলার একপর্যায়ে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যায় এবং তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং মেইন সুইচ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে বাড়িতেই চিকিৎসা দেওয়া হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় এবং ক্রমশ অবনতি ঘটলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাশিদা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর সংবাদ পেয়ে বারহাট্টা থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, কচুর লতি তুলতে গিয়ে আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহত রাশিদা বেগমের পরিবারে চলছে শোকের মাতম। তার মর্মান্তিক মৃত্যুতে ভাটি নোয়াপাড়া এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন : বরগুনার অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার


