কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সরকারি মূল্যে কৃষক পর্যায়ে সারের সরবরাহ নিশ্চিত করতে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষের এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত।
চলতি আমন মৌসুমে জেলায় সারের সরবরাহে কোন ঘাটতি নেই জানিয়ে ডিলারদের পক্ষ থেকে বলা হয়, তারা নিয়মনীতি মেনে কৃষকদের কাছে সার বিক্রি করছেন। কিন্তু কৃষকদের অতিরিক্ত সার ব্যবহারের কারনে সারের চাহিদা বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমন আবাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী টিএসপি ও ড্যাপ সারের যে বরাদ্ধ ডিলাররা পেয়েছেন সে অনুযায়ী সার নিচ্ছেন না কৃষকরা। তারা ড্যাপ সারের সাথে অতিরিক্ত টিএসপি সার চাচ্ছেন। সেটা না দিতে পারায় ডিলারদের বিরুদ্ধে সার না দেয়ার অভিযোগ কৃষকদের। এছাড়ার কৃষকরা আগামী পেঁয়াজ মৌসুমের জন্য টিএসপি সার মজুত করছেন বলে সভায় অভিযোগ করেন ডিলাররা। তারা বলেন, পেঁয়াজ মৌসুমে আমাদের বিঘা প্রতি টিএসপি সারের বরাদ্ধ ২৫কেজি, সেখানে কৃষকরা ব্যবহার করেন ১০০ কেজি। ডিলাররা সংকট মোকাবেলায় টিএসপি সারের অতিরিক্ত বরাদ্দের আবেদন জানান।
সভায় প্রশাসনের পক্ষ থেকে ডিলারদের সরকারী নিয়ম নীতি মেনে প্রকৃত কৃষকদের নিকট সার বিক্রির নির্দেশ দেয়া হয়। একই সাথে বিক্রি বইয়ে সঠিক ভাবে কৃষকদের নাম ও মোবাইল নম্বর সংরক্ষণ করার কথা বলা হয়। একই সাথে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রত্যেক ইউনিয়নে কৃষক সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ উপজেলার ২১জন বিসিআইসি ও বিএডিসি সার ডিলার উপস্থিত ছিলেন।
ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ ভাবে এই মতবিনিয় সভার আয়োজন করে।
পড়ুন : নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৯০০ ছাড়াল
সা/


