নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজতখানায় থাকা আসামিদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে শনিবার রাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ফতুল্লা থানার হাজতখানায় রাখা হয়।
এরই মধ্যে হাজতখানার ভেতর আসামিদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে কয়েকজনকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, হাজতখানায় মুঠোফোন ব্যবহারের সুযোগে ভিডিওটি ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফতুল্লা থানার এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, হাজতখানায় কীভাবে মুঠোফোন প্রবেশ করল এবং দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের দায়িত্ব ও হাজতখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
পড়ুন:রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
ইমি/


