বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র্যালি, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করে।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিনাহালা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আটটি ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে উপজেলা বিএনপি। কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে ডেপুটি স্পিকারের দিক নির্দেশনায় এখ হাজার চারশো ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দলীয় সূত্রে জানানো হয়, রোপণকৃত প্রতিটি চারায় সুরক্ষাবেষ্টনী দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে সড়কের দুই পাশে এই চারাগুলো রোপণ করা হবে।
কর্মসূচিতে উপস্থিত থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করছি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণেও আমাদের দায়িত্ব রয়েছে।”
তিনি আরও বলেন, “সেই লক্ষ্যেই কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে এক হাজার চারশোটি চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছ নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের মাঝে একটি ইতিবাচক বার্তা দিতে চাই।”
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম কেরণ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও রফিকুজ্জামান ইসলাম রফিক।
এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির শেষাংশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় দোয়া মাহফিলে।


