বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরে বক পয়েন্টে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।
বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। কলিমউদ্দিন আহমেদ মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে গেছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের নতুন পথে এগিয়ে চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক। তাঁর দাবি, গত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না; বরং ছিল হত্যা ও গুমের রাজনীতি। তাঁর ভাষায়, সেই ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিবসহ জেলার বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সুনামগঞ্জ শহরে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


