বর্ধিত পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত বিভিন্ন ফি কমিয়ে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি নেওয়া হচ্ছে। কোনো কোনো কলেজে মাসিক ৩০০ টাকা ফি নেওয়া হলেও কোথাও কোথাও তা ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী সীমিত আয়ের পরিবারের সন্তান। তাই তাঁদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ফি কমানো প্রয়োজন। শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে এমন ফি পুনর্বিবেচনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। অচিরেই তাদের ন্যায্য দাবি মানা না হলে ঢাকা-সিলেট মহাসড়কসহ রেলপথ অবরোধ করবে শিক্ষার্থীরা
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন এহসানুল হক রিপন। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন আইন কলেজের শিক্ষার্থী ইমরান হুসাইন, আল আমিন, হেপী সরদার, মাহমুদা, রুবানা রিয়া, মো. এনামুল হক অপু, এনামুল ইসলাম দুর্জয়, আব্দুল আজিজ, শাম্মি আক্তার, ফাহিমা আক্তার মুন্নী, মোহাম্মদ সজিব মিয়া, মো. রনি মিয়া, তুহিদুল উদ্দিন, জিন্নাত, আবুল হাসনাত ভুইয়া প্রমুখ।
পড়ুন : গাড়ি ভাড়া নিয়ে মালিক সেজে করে দিলেন বিক্রি


