চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজান উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগাম সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালকের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল ও পরিদর্শক চন্দন বিশ্বাস ফটিকছড়ি ও রাউজান উপজেলার বিভিন্ন ইটভাটা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট অবৈধ ইটভাটায় আগুন না দেওয়ার বিষয়ে মালিকদের সতর্ক করা হয়।
এছাড়া ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার না করার বিষয়েও ভাটা মালিকদের সতর্ক করা হয়।
পরিদর্শনকালে প্রতিটি ভাটায় সংশ্লিষ্ট মালিকদের নোটিশ প্রদান করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটায় আগুন দেওয়া এবং জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
সা/


