মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৯

0
13
বিজ্ঞাপন

নেত্রকোনার মদন থানা এলাকায় দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, সরকারি চাল চোরাকারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ পাহারায় গ্রেপ্তার নয় আসামিকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিশেষ অভিযান চলাকালে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে পাচারের সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বস্তায় ৫ টন সরকারি চাল জব্দ করা হয়। জব্দ করা চালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৫ হাজার টাকা।

এ ছাড়া পাচারে ব্যবহৃত আনুমানিক আট লাখ টাকা মূল্যের দুটি সবুজ রঙের হ্যান্ড ট্রলি এবং ১৩৫টি পাটের খালি বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মদন থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মদনের চানগাঁও চকপাড়া ভিটাবাড়ী এলাকার মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরীর জগন্নাথপুর পশ্চিমপাড়ার মো. আলী হোসেন (৪৩), বর্তমানে জাহাঙ্গীরপুরের ভাড়াটিয়া; কেন্দুয়ার কান্দিপাড়ার সোহেল মিয়া (৩৫), বর্তমানে জাহাঙ্গীরপুরের লার্নিং পয়েন্ট রোডের ভাড়াটিয়া এবং মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আলম মিয়া (৩৫)।

তল্লাশির সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় মামলা করা হয়েছে।

অপর এক অভিযানে আটপাড়া উপজেলার করারধুপ (সুখারী ইউনিয়ন) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়াকে (৩৬) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।

এদিকে পুলিশের সাঁড়াশি অভিযানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, নেত্রকোনার একটি মামলায় (সিআর) চুরি ও মারামারির অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি উবায়দুল্লাহকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। সে মদন দক্ষিণপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার দিলু মিয়ার ছেলে।

এ ছাড়া ১৮৬১ সালের পুলিশ আইনে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর (দেওয়ান বাজার রোড) এলাকার মো. আলী হাসানকে (৩২) গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে মদন থানার ওসি সালাহউদ্দীন করিম গণমাধ্যমকে জানান, “উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও সরকারি সম্পদ রক্ষায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃত নয়জন আসামিকে আজ (শনিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।”

পড়ুন: ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.