জামালপুরে অটোরিকশার শোরুম মেসার্স মন্ডল ট্রেডার্সের মালিক কুরবান আলী মন্ডলের বিরুদ্ধে আলিফ নামে এক শিশু শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার কারণ জানতে শোরুমে গেলে শিশুটির স্বজনদের সাটার বন্ধ করে আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগও উঠেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়িপাড়া বাইপাস মোড় এলাকায় মেসার্স মন্ডল ট্রেডার্সে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, আলিফ প্রায় এক বছর ধরে ওই শোরুমে কাজ করে আসছে। শনিবার শোরুমের মালিক কুরবান আলী মন্ডল তাকে মারধর করেন। পরে মন খারাপ করে আলিফ শোরুম থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
এরপর শিশুটির অভিভাবক হিসেবে তার দুলাভাই, দুলাভাইয়ের মা এবং তাদের বহনকারী অটোরিকশার চালক শোরুমে গিয়ে আলিফকে মারধরের কারণ জানতে চান। এ সময় শোরুমের মালিক কুরবান আলী মন্ডল ক্ষিপ্ত হয়ে তাদের তিনজনকে শোরুমের ভেতরে রেখে সাটার বন্ধ করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ, এরপর কুরবান আলী মন্ডলের নির্দেশে শোরুমের কয়েকজন কর্মচারী নারীসহ আলিফের স্বজনদের মারধর ও নির্যাতন করেন। পরে বিষয়টি শোরুমের ভেতরেই মীমাংসা করার কথা বলে তাদের আটকে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন শোরুমের সামনে জড়ো হন। পরে তাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শিশু শ্রমিক আলিফ সাংবাদিকদের জানায়, প্রায় এক বছর ধরে সে ওই শোরুমে কাজ করছে। বয়স কম হওয়ায় মালিকসহ শোরুমের কয়েকজন কর্মচারী প্রায়ই তাকে মারধর করেন। শনিবারও তাকে মারধর করা হলে সে বিষয়টি পরিবারের সদস্য ও স্বজনদের জানায়। পরে স্বজনরা শোরুমে গেলে সাটার বন্ধ করে তাদেরও মারধর করা হয় বলে দাবি করে আলিফ।
তবে অভিযোগ অস্বীকার করে মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী কুরবান আলী মন্ডল বলেন, এটি আমাদের নিজস্ব বিষয়। দোকানের কর্মচারী আলিফকে শাসন করা হয়েছে মাত্র।
দোকানের সাটার বন্ধ করে স্বজনদের মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “একটা ঝামেলা হয়েছে। এ সময় দোকান থেকে কেউ যাতে কিছু চুরি করতে না পারে, তাই সাটার বন্ধ করা হয়েছিল।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেত্রকোনার অর্ক: বুলেটের দাগই যার সাহসের প্রতীক


