যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী হাজতি। পরে মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মহিলা হাজতি বৃষ্টি খাতুন (১৯)-কে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসব বেদনা শুরু হয় এবং অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
ঘটনার পর যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও নবজাতকের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করে। নবজাতকের জন্য নতুন জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার ও অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
এ ছাড়া নতুন অতিথির আগমন উপলক্ষে কারাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে মা ও শিশুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কারাগারের কঠোর পরিবেশের মধ্যেও মা ও নবজাতকের প্রতি কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।
পড়ুন : মানিকগঞ্জে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ


