নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহমান (৫৩) নামের এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নেত্রকোনা জেলা পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ-এর নেতৃত্বে এসআই (নিঃ) আসাদুল ইসলাম, কনস্টেবল মো. সজীব মিয়া এবং কনস্টেবল পারভেজ রানাসহ পুলিশের একটি দল গতকাল (শনিবার) মাদকবিরোধী ও চোরাচালান উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটিরত অবস্থায় আত্রাইখালী ব্রীজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের পলাতক আসামী আব্দুর রহমানের (৫৩) বসতঘরে কতিপয় ব্যক্তি অবৈধ ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ রাত ১১টা ৫৫ মিনিটে ওই স্থানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামী তাৎক্ষণিকভাবে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামী আব্দুর রহমানের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের ভেতর ট্রাংকের নিচ থেকে লুকানো অবস্থায় কালো রঙের ট্রাভেলিং ব্যাগ ও পাটের বস্তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কালো ট্রাভেলিং ব্যাগের ভেতর থেকে সাত বোতল এবং পাটের বস্তার ভেতর থেকে আরও সাত বোতলসহ ১৪ বোতল ভারতীয় তৈরি ‘রয়্যাল স্ট্যাগ’ মদ জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত মদের প্রতি বোতলের মূল্য তিন হাজার টাকা ধরে আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশ জানিয়েছে, অবৈধ মাদক ব্যবসায়ের সাথে জড়িত পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
পড়ুন : ইউপি নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, সেপ্টেম্বরে আসতে পারে তফসিল
সা/


