নারী এশিয়া কাপে ‘বি’ গ্রুপের টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত লড়াই সামলে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। তাতে সেমিফাইনাল নিশ্চিত করেছে লঙ্কান দল।
তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ, তিনে সংযুক্ত আরব আমিরাত। সেমিফাইনালে যেতে গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতকে হারাতে হবে বাংলাদেশকে।
দুবাইয়ে ম্যাচটা জমজমাট ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ। ১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে একসময় জয়ের পথেই ছুটছিল শ্রীলঙ্কা। কিন্তু পরপর উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। শেষে অবশ্য আর পারেনি। হার্শিতা সামারাবিক্রমার ঠান্ডা মাথার ব্যাটিংয়ে চার বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ফলে দারুণ বোলিংয়ে লড়াই করেও অল্পের জন্য জয় হাতছাড়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শ্রীলঙ্কা ১১৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল। তার পর বাংলাদেশের বোলাররা দ্রুত ম্যাচে ফিরে আসে। মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ২১ রানে তিনটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের হয়ে লড়াইটা জমিয়ে দিয়েছিলেন। সুলতানা খাতুন ও রিতু মনিও পান একটি করে উইকেট।
যখন ৮২ রানে ৬ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। তখন মনে হচ্ছিল, বাংলাদেশের জন্য ম্যাচটা হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু তখনই প্রতিরোধ গড়ে তোলেন হার্শিতা সামারাবিক্রমা।
চাপের মুখেও দারুণ ধৈর্য দেখিয়ে অপরাজিত থাকেন ৩৭ বলে ৪৮ রানে। শেষদিকে তাকে যোগ্য সঙ্গ দেন নীলাক্ষিকা সিলভা (১৮) ও কৌশিনি নুথিয়াঙ্গানা (১১*)। তাদের ব্যাটে ভর করে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে ফেলে শ্রীলঙ্কা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খুব একটা গতি খুঁজে পায়নি বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ২৬ বলে ২৬ রান করে ইনিংসে ইতিবাচক শুরু এনে দেন। জুয়ায়রিয়া ফেরদৌস মাত্র ১০ বলে করেন ১৪ রান।
এরপর একপ্রান্ত আগলে রাখেন সোবহানা মোস্তারি। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৪১ বলে ৩৪ রান করেন। তবে ইনিংসের দ্বিতীয়ার্ধে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি তারা।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন চামুদি প্রাবোদা। ২১ রানে ৩ উইকেট নেন তিনি। সুগান্দিকা কুমারিও ২২ রানে শিকার করেন ২ উইকেট।
পড়ুন : জুনিয়র নারী হকি এশিয়া কাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশ


