সিলেটের গোয়াইনঘাটে ১২০৫ বোতল ভারতীয় ফেনসিডিলের চালানসহ এক নারীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
আটক কুটিনা বেগম (৪৫) পাতনী গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় সেকেন্ড অফিসার তানভীর ফয়েজ, এসআই সুবিনয়, এএসআই অনুপম, এএসআই লোকমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে পাতনী গ্রামের বাসিন্দা কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে আটক করা হয়।
এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের কঠোর ও কড়াকড়ি অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পড়ুন : আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১
সা/

