ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের যানজট নিরসনে সড়কবাজারের হকার ও সবজি বিক্রেতাদের জন্য লটারির মাধ্যমে দোকান বরাদ্দ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভা কার্যালয়সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে অস্থায়ী কাঁচাবাজার। সেখানে হকার ও সবজি বিক্রেতাদের জন্য ৪৮টি এবং ফল ব্যবসায়ীদের জন্য ৫০টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভা কার্যালয়সংলগ্ন এলাকায় অস্থায়ী কাঁচাবাজারটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভা কার্যালয়সংলগ্ন এলাকায় প্রায় ১৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে হকার ও সবজি বিক্রেতাদের জন্য অস্থায়ী কাঁচাবাজার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সেখানে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। লটারির মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকবে বলে মনে করছে পৌর কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, “পৌরশহরের সড়কবাজারের যানজট নিরসনের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও কেউ ফুটপাত বা সড়কে বসে ব্যবসা করলে অভিযান চালিয়ে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “শহরের রাস্তার তুলনায় মানুষ ও যানবাহন অনেক বেড়েছে। যানজট নিরসনে যতটুকু সম্ভব, প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।”
পড়ুন : আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১
সা/

