ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক মো. আলতাব হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি জহুরুল ইসলামকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিষয়টি আজ বিকেলে মুঠোফোনে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আমিনবাজার পুলিশ ফাঁরির ইনচার্জ এসআই জাকির হোসেন।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার প্রধান আসামি জহুরুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালতের বিচারক তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ ও র্যাব-১০-এর একাধিক দল মুন্সিগঞ্জ ও আমিনবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁদের আমাদের কাছে হস্তান্তর করলে তাঁদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত শনিবার রাত ৮টার দিকে এক বৃদ্ধ অটোরিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবির এসআই আলতাব হোসেনের ওপর হামলা করা হয়। প্রাণ বাঁচাতে তিনি তাঁর পোশাক কারখানার ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে তাঁর ও তাঁর ছেলে আরিফুলের ওপর হামলা করে গুরুতর আহত করেন। এ সময় হামলাকারীরা কারখানাটিও ভাঙচুর করে।পরে গুরুতর আহত অবস্থায় আলতাব হোসেন ও তাঁর ছেলেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী শিউলী পারভীন ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
পড়ুন : রাশিয়ায় তুষারধস: ১১ পর্বতারোহী নিহত
সা/


