নীলফামারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা ও উৎসাহিত করতে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট, ফুল ও শিক্ষা-উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় এবং শহর সভাপতি সেলিম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মেধাবীদের হাত ধরেই একটি স্বনির্ভর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, বরং নৈতিকতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামনের দিনগুলোতে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
প্রধান আলোচক হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম বলেন, “এসএসসি বা দাখিল পরীক্ষা হলো উচ্চশিক্ষার প্রথম ধাপ। আগামী দিনে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্যারিয়ার গঠনের জন্য এখন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করতে হবে। সততা ও দক্ষতার সমন্বয়ে নিজেদের সৎ, দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-র ভিপি মোস্তাকুর রহমান জাহিদ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, মেধা বিকাশ এবং সৎ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এছাড়া ছাত্রশিবিরের রংপুর মহানগরের সাবেক সভাপতি নুরুল হুদা তাঁর আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী শহর জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম এবং সদর উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক আহমদ রায়হান।
সংবর্ধিত ছাত্র-ছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ অধ্যবসায় ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতিতে দারুণ অনুপ্রেরণা জোগাবে। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
পড়ুন : শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী
সা/


