ময়মনসিংহে সাথী আক্তার নামে এক নারীকে হত্যা মামলায় হৃদয় নামে এক যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে দণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ জানা যায়, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার কলাবাগান এলাকায় সাথী আক্তারকে মোবাইলে মিসকল দেয় একই এলাকার যুবক হৃদয়। সাথী সাথে সাথে কলব্যাক করে এত সকালে মিসকল দেওয়ার কারণ জানতে চায়। এই বিষয় নিয়ে দুজনের মাঝে তুমুল কথা কাটাকাটি হয়। এর জেরে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে হৃদয় তার অন্যান্য সঙ্গীদের নিয়ে সাথীর ভাড়া বাসায় ঢুকে চাকু দিয়ে সাথীর শরীরের বিভিন্ন জায়গায় উপর্যপরি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এসময় আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে সাথীকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর সাথীর ছোট বোন শিউলি আক্তার কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে চার্জশীট দাখিল করে। আদালত স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে হৃদয়কে মৃত্যুদন্ড প্রদান করেন।
পড়ুন: শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী
সা/


