চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তাহের ব্যবধানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হামিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হামিম ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।
এ ঘটনায় ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার ওসমানের ছেলে মো. রোহান উদ্দিন (১৯)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মীমাংসার আলোচনা চলছিল। এ সময় কেরানিহাট সিটি সেন্টার এলাকায় রোহান উদ্দিন হামিমকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ছুরিকাঘাতে হামিম নামে এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের কারণ কী এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত ৩০ আগস্ট সাতকানিয়ায় দুর্বৃত্তদের হামলায় জাহেদুল ইসলাম (৩৫) প্রকাশ পিচ্চি জাহেদ নামে এক যুবক নিহত হন। উপজেলার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড় এলাকার ভাঙারগোড়া এলাকায় ফরিদ সওদাগরের দোকানের সামনে ওই ঘটনা ঘটে।
সপ্তাহের ব্যবধানে উপজেলায় দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পড়ুন:কলমাকান্দা থেকে বাসে যাচ্ছিল মদের চালান, শ্যামগঞ্জে আটক কারবারি
ইমি/


