প্রায় দুই দশক পর আইফোনের নকশায় বড় পরিবর্তন এনেছে অ্যাপল। নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের নেতৃত্বে বাজারে এসেছে প্রথম ভাঁজ করা আইফোন ‘ডুও’। তবে প্রযুক্তির নতুনত্বের সঙ্গে এর দামও চমকে দেয়ার মতো। অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দ্বিতীয় সপ্তাহেই বড় এক চমক নিয়ে হাজির হয়েছেন জন টার্নাস। বুধবার প্রতিষ্ঠানটির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে প্রথম ভাঁজযোগ্য আইফোন ডুও। ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর নকশায় এটিই অ্যাপলের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি।
বইয়ের মতো ভাঁজ করা যায় নতুন আইফোন ডুও। পুরোপুরি খুললে দেখতে অনেকটা ছোট আইপ্যাডের মতো, আর ভাঁজ করলে এটি অপেক্ষাকৃত চওড়া আইফোনে পরিণত হয়। টার্নাসের ভাষায়, এর নকশায় আইপ্যাড থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। ভাঁজ করার অভিজ্ঞতাকে তিনি বলেছেন ‘স্বচ্ছন্দ ও স্বাভাবিক’।
তবে চমকের পাশাপাশি ডুওর দামও বেশ বড়। যুক্তরাষ্ট্রে এর প্রাথমিক দাম ১ হাজার ৯৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি। সর্বোচ্চ কনফিগারেশনের দাম উঠেছে ৩ হাজার ২০০ ডলার পর্যন্ত, যেটা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৯৩ হাজার টাকার বেশি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, টার্নাসের দায়িত্ব গ্রহণের সময়ের সঙ্গে এই আইফোন উন্মোচনের বিষয়টি তাৎপর্যপূর্ণ। গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড মনে করেন, অ্যাপল সম্ভবত নতুন প্রধান নির্বাহীর শুরুতেই বহু প্রতীক্ষিত এই বড় পণ্য উন্মোচন করতে চেয়েছে।
তবে এত দামি ভাঁজযোগ্য আইফোন কতটা জনপ্রিয় হবে, তা নিয়ে প্রশ্নও রয়েছে। ফরেস্টারের বিশ্লেষক দীপাঞ্জন চ্যাটার্জির মতে, এটি অ্যাপলের ভিশন প্রোর মতো ব্যয়বহুল কিন্তু সীমিত জনপ্রিয়তার পণ্যে পরিণত হতে পারে। বর্তমানে স্যামসাং ও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানের ভাঁজযোগ্য ফোন মিলিয়ে স্মার্টফোন বাজারের মাত্র প্রায় ২ শতাংশ দখল করেছে।
এদিকে অ্যাপল উন্মোচন করেছে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স-ও। পাশাপাশি নতুন এআই সুবিধার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিরি এআই এখন আইফোনের মেসেজ, ই-মেইলসহ বিভিন্ন তথ্য খুঁজে ব্যবহারকারীর হয়ে কাজ করতে পারবে। টার্নাসের দাবি, এসব এআই সুবিধায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বজায় থাকবে। অনেক কাজ সরাসরি ডিভাইসেই সম্পন্ন হবে, ফলে তৃতীয় পক্ষের কাছে ব্যক্তিগত তথ্য যাওয়ার ঝুঁকি কম থাকবে।
পড়ুন:ফোনের ব্যাটারি ভালো রাখতে ফোন কত শতাংশ পর্যন্ত চার্জ করবেন
ইমি/


