নাগরিক টেলিভিশনে বিশেষ প্রতিবেদন প্রকাশের পর কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের রঙ্গার কোনা গ্রামের গৃহহীন ও অসহায় জরিনা পাগলীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রঙ্গার কোনা গ্রামে জরিনার জরাজীর্ণ ছোট্ট কুঁড়েঘরে সরেজমিনে উপস্থিত হন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
পরিদর্শনকালে ইউএনও জরিনা পাগলীর জীবনসংগ্রাম ও মানবেতর জীবনযাপনের কথা শোনেন। অবহেলিত এই নারীর আশ্রয়ের স্থায়ী সমাধানের লক্ষ্যে তিনি উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবকদের নির্দেশ দেন আগামী এক সপ্তাহের মধ্যে এলাকায় কোনো সরকারি (খাস) জমি থাকলে তা যেন দ্রুত ইউএনও কার্যালয়ে জানানো হয়। জমি চিহ্নিত হওয়া মাত্রই জরিনার জন্য একটি স্থায়ী বসতঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
জরিনা পাগলীর ঘরের ব্যবস্থা করার পাশাপাশি রঙ্গার কোনা গ্রামের আরও কয়েকটি অতিদরিদ্র পরিবারের খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের কষ্ট লাঘবে পরিবারগুলোকে বসতঘরের জন্য ঢেউটিন এবং স্বাস্থ্যসম্মত টয়লেট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
টেলিভিশনে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অবহেলিত জরিনাসহ গ্রামের হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোয় প্রশাসনের এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।
পড়ুন : অনিয়মের অভিযোগ পেয়ে মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
সা/


