চট্টগ্রামের লোহাগাড়ায় চেকপোস্টে একটি পিকআপ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৮)।
পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ফোটন পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটির চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা পাওয়া যায়।
পরে পুটলাটি তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা, ৭ দশমিক ৬৫ মিলিমিটার ‘মেড ইন ইউএসএ’ খোদাই করা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পুলিশকে জানান, তারা কক্সবাজারের খুরুশকুল এলাকা থেকে এসব নিয়ে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন।
পুলিশের দাবি, একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। এসব গ্রহণের জন্য মামুন আগেই বাসে করে চট্টগ্রাম শহরে চলে যান।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, পলাতক মামুনকে গ্রেপ্তার এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে।
উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।
পড়ুন : রাজবাড়ীর পদ্মা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী


