নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুজন কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম)। গ্রেফতারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার বইড়াতলী গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে আব্দুল কাদির (৪০) এবং কৃষ্ণেরচর গ্রামের মৃত শাহনেওয়াজ খানাটীর ছেলে জুলহাস (৩৫)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে, গতকাল (বৃহস্পতিবার) রাতে উপজেলার ভবানীপুর এলাকার ঈদগাঁ মাঠের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) এর এসআই (নি.) শওকত আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দুর্গাপুর থানা এলাকায় সিএনজি ও মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দুর্গাপুর থানাধীন ভবানীপুর সাকিনস্থ ঈদগাঁ মাঠের সামনের পাকা রাস্তায় মাদক কেনাবেচা বা পরিবহনের উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে পুলিশ সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে তল্লাশি চালিয়ে আব্দুল কাদির ও জুলহাসের নিকট থেকে দুই কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা এবং মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পড়ুন : মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, ২০ মিনিট বন্ধ যান চলাচল


