বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতিকে ‘পুতুল রাষ্ট্রপতি ও বঙ্গভবনে সাজিয়ে রাখার শোপিস হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় বরগুনা টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পালন ছাড়া রাষ্ট্রপতির আর কোনো কাজ নেই। এ সময় তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানান।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বর্তমান সরকার মাত্র ছয় মাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। জুলাই সনদ নিয়ে সরকার চরম ধূম্রজাল সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিচারব্যবস্থা সমুন্নত রাখা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটি বাস্তবায়ন না হলে যেকোনো আন্দোলন পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।
বক্তব্যে আগামী পাঁচ বছরের মধ্যে তারেক রহমান আরেকটি শেখ হাসিনায় পরিণত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন মামুনুল হক। সংবিধান সংশোধন না করলে বিএনপি ও তারেক রহমান ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবেন বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া পুলিশের রাজনৈতিক রূপ দেখতে জনগণ আর প্রস্তুত নয় উল্লেখ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা।
পড়ুন : পুঠিয়া উপজেলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন


