চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারকের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত শুটার ডাবা হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ডাবা হারুন ডেভিড ইমন ও কালা মোবারক বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য। তিনি ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল মানিকপুর গ্রামের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে একই এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন ধরনের ৯টি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে ডাবা হারুনকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : পুঠিয়া উপজেলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন


