টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট থেকে কালিয়াকৈরের আঞ্চলিক সংযোগ সড়কের প্রায় ১০ কিলোমিটার অংশ বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ এ পথে চলাচলকারী হাজারো মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের অবস্থা এতটাই খারাপ যে, যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে ছোট যানবাহন ও মোটরসাইকেল চালকদের এসব খানাখন্দ এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সময়ও বেশি লাগছে বলে জানান চলাচলকারীরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশের বেহাল অবস্থার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কার না করা হলে ভোগান্তি আরও বাড়তে পারে।
এদিকে যানবাহন চালকরাও সড়কটির বিভিন্ন স্থানে থাকা গর্তের কারণে সমস্যায় পড়ছেন। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চালানোর সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে বলে জানান তারা।
স্থানীয়দের দাবি, খাটিয়ারহাট থেকে কালিয়াকৈর পর্যন্ত আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সড়কটির সংস্কার করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
পড়ুন : পুঠিয়া উপজেলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন


