গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেবাগ্রহীতা ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে প্রায় ৩ কোটি টাকা প্রয়োজনের কথা তুলে ধরা হলে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন এ. মতিন চৌধুরী। পাশাপাশি পর্যায়ক্রমে আরও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
পড়ুন : বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের
সা/


