চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগ উঠেছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ মিছিল হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, গতকাল সকালে ৮ থেকে ১০ জনের একটি দল নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক আজাদের নেতৃত্বে হয়েছে বলেও দাবি করা হয়। মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ মোরসালিন বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ গোপনে মিছিল করার একটি তথ্য আমরা পেয়েছি। সাংগঠনিকভাবে যেখানে তাদের দেখা যাবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। আমরা চাই, পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করুক।’
সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক বলেন, ‘জামায়াতে ইসলামীর কারণে ছাত্রলীগ এভাবে মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। তারা সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় মিছিল করছে।’
তবে মিছিলের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘সোনাইছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো মিছিল হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি একটি পুরোনো ভিডিও।’
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা ও ধারণের সময় নিয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।
পড়ুন : দেশের সকল জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা
সা/


