৮৭ বছর ধরে অক্ষুণ্ন থাকা রিভার প্লেটের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। ঘরোয়া লিগে টানা ৯৪ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
রেকর্ড ভাঙতে আল নাসরের সময় লেগেছে প্রায় তিন বছর। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয় তাদের টানা গোলের এই যাত্রা। এরপর সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে দলটি।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর করা গোলের মাধ্যমে ৯৩ ম্যাচের পুরোনো রেকর্ডে ভাগ বসায় আল নাসর। এরপর আল খালিজের বিপক্ষে পরের ম্যাচেই আসে ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ।
আল খালিজের বিপক্ষে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তার গোলেই টানা ৯৪ লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়ে দলটি। একই সঙ্গে পতন ঘটে ১৯৩০-এর দশক থেকে টিকে থাকা আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের রেকর্ডের।
১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। সেই বিখ্যাত দল ‘লা মাকিনা’র হয়ে খেলেছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলাররা। ওই ৯৩ ম্যাচে রিভার প্লেটের গোলসংখ্যা ছিল ৩০১।
দীর্ঘ ৮৭ বছর পর সেই কীর্তিতে ছেদ টানল আল নাসর। রেকর্ড গড়ার এই অভিযানে অন্যতম বড় ভূমিকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই আল নাসরের আক্রমণভাগের অন্যতম প্রধান শক্তি তিনি। রেকর্ড স্পর্শ করার ম্যাচে আবহার বিপক্ষে গোল করে নতুন ইতিহাসের দরজাও খুলে দিয়েছিলেন পর্তুগিজ এই তারকা।
তবে রিভার প্লেটের আরও একটি কীর্তি এখনো অক্ষত রয়েছে। শুধু লিগ নয়, সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি। এর মধ্যে ছিল ৯৩টি লিগ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ।
সেই রেকর্ড আপাতত অক্ষত থাকলেও ঘরোয়া লিগে নতুন ইতিহাস লিখেছে আল নাসর। ৮৭ বছর ধরে রিভার প্লেটের দখলে থাকা রেকর্ড এখন ক্রিশ্চিয়ানো রোনালদোদের সৌদি ক্লাবটির।
এর আগে আল-আউয়াল পার্কে ৯ সেপ্টেম্বর রাতে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। সৌদি প্রো লিগের ম্যাচে আবহাকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচে ক্যারিয়ারের ৯৭৯তম গোলের দেখা পেয়েছেন রোনালদো।
ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় আল নাসর। অ্যাঞ্জেলোর বাঁকানো ক্রসের দিকে লাফিয়ে উঠে দারুণ হেড করেন রোনালদো। বল পোস্টে লেগে গোলকিপার ডোনোভান লিওনের পাশ দিয়ে জালে জড়ায়।
এই গোলের মধ্য দিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলে রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল ৯৭৯-তে। রেকর্ড এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পর্তুগিজ তারকার আর প্রয়োজন ২১ গোল।
গোল হজমের পরপরই অবশ্য আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আবহা। এক মিনিট পরই মিশি বাতশুয়াইয়ের পাসে আলিমামি গোরি গোলের সুযোগ পেয়েছিলেন। তবে তার শট পোস্টে লেগে ফিরে আসে।
৩৮ মিনিটে নিজের গোলসংখ্যা ১ হাজারের দিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
এর এক মিনিট পর আবারও গোলের কাছাকাছি যান পর্তুগিজ তারকা। কর্নার থেকে আল-হামদান বল বাড়িয়ে দেন রোনালদোর দিকে। এবারও তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন লিওন ও আল-ফাহাদ মিলে।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময় ছিল আল নাসরের হাতে। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল-হামদান। দূরের পোস্ট লক্ষ্য করে শক্তিশালী শটে গোল করে আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
৭৫ মিনিটে ফরাসি তারকা নাবিল ফেকির দুর্দান্ত এক গোল করেন। বাম দিক থেকে ফ্রি-কিক নেওয়ার সময় আল নাসরের রক্ষণ ও গোলকিপার বেন্তোকে চমকে দিয়ে সরাসরি গোলে শট নেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাঁক নেওয়া বল জালে জড়িয়ে ব্যবধান কমিয়ে আনে আবহা।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে রোনালদোর দল।
বিশ্ব ফুটবলে রিভার প্লেটের দর্শকপ্রিয়তা
বিশ্ব ফুটবলে দর্শক উপস্থিতির দিক থেকে নতুন মাইলফলক গড়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সর্বোচ্চ গড় দর্শক উপস্থিতির ক্লাব হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বুয়েনস আয়ার্সের ক্লাবটি।
রিভার প্লেটের হোম ম্যাচে গড় দর্শক উপস্থিতি ৮৫ হাজারের বেশি। ক্লাবটির ঐতিহাসিক মাস মনুমেন্টাল স্টেডিয়াম এখন শুধু আর্জেন্টিনার ফুটবলের অন্যতম প্রধান ভেন্যুই নয়, বিশ্ব ফুটবলেও দর্শক সমাগমের অন্যতম বড় কেন্দ্র।
সমর্থকদের উন্মাদনার আরেকটি বড় প্রমাণ মিলেছে স্টেডিয়ামের টানা সোল্ড-আউট ম্যাচের সংখ্যায়। রিভার প্লেটের হোম ভেন্যুতে টানা ১০৫টি ম্যাচ পূর্ণ দর্শক নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ফলে মাঠে সমর্থকদের উপস্থিতি ও ক্লাবের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা।
রিভার প্লেটের জন্য এই অর্জন শুধু একটি পরিসংখ্যান নয়; বরং ক্লাবটির সঙ্গে সমর্থকদের গভীর সম্পর্কের প্রতিফলন। দক্ষিণ আমেরিকার ফুটবলে সমর্থকদের আবেগ ও গ্যালারির পরিবেশ বরাবরই আলাদা গুরুত্ব বহন করে। রিভার প্লেটের ক্ষেত্রে সেই আবেগই যেন নতুন এক বিশ্ব রেকর্ডের রূপ নিয়েছে।
বিশ্ব ফুটবলের জনপ্রিয় ক্লাবগুলোর তালিকায় রিভার প্লেটের অবস্থান দীর্ঘদিনের। মাঠের সাফল্যের পাশাপাশি গ্যালারিতে সমর্থকদের ব্যাপক উপস্থিতি ক্লাবটির বৈশ্বিক পরিচিতিকে আরও শক্তিশালী করেছে।
পড়ুন : উত্তর কোরিয়া এবার নাস্তানাবুদ করেছে বাংলাদেশকে
সা/


