গাজীপুরের কালিয়াকৈরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আতিকুল হাসান নামে এক যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভান্নারা এলাকা থেকে আতিকুল হাসানকে গ্রেফতার করে পুলিশ।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইনের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সকালে ভান্নারা এলাকায় হাজী আজগর আলী হাই স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে আতিকুল হাসান উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় শিক্ষার্থীর মা শাহনাজ আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইনের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ আতিকুল হাসানকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পড়ুন : সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড


