নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্য দিবালোকে এক কসমেটিকস ব্যবসায়ীকে পিটিয়ে এক লাখ ২০ হাজার তিনশো টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুর্গাপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান অভিযুক্ত ও দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরপরই আমরা হিমেলকে আটক করি। পরে রাতে ভুক্তভোগী থানায় মামলা করলে হিমেলকে গ্রেপ্তার দেখানো হয়। এরআগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ পাওয়া গেলেও এবার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হলে বিচারক তার আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণে নির্দেন দেন এবং ইতোমধ্যে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’
এরআগে, গতকাল (বৃহস্পতিবার) দুপুরে দুর্গাপুর পৌরসভাধীন সোমেশ্বরী নদীর তীরে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আমির হোসেন (৪০) উপজেলার মোক্তারপাড়া এলাকায় বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে দুর্গাপুরের সাদামাটি পাহাড় এলাকায় কসমেটিকসসহ বিভিন্ন মালামালের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে বেচাকেনার ক্যাশ টাকা সাথে নিয়ে দুপুরের খাবার খেতে নিজ বাসায় ফিরছিলেন তিনি। পৌরসভার পান মহালের রাস্তার পশ্চিম পাশে সোমেশ্বরী নদীর ঢালে ব্লকের মাথায় পৌঁছাতেই পূর্বপরিকল্পিতভাবে তার পথ রোধ করে দুই যুবক।
অভিযুক্তরা হলেন- দুর্গাপুরের ফুলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. হিমেল সরকার (৩১) এবং গুজিরকোনা গ্রামের সবুজ মড়লের ছেলে মাসুম মিয়া (২৫)।
অভিযোগ অনুযায়ী, এরা দুজনই বাদী আমিরের পূর্বপরিচিত এবং মাঝেমধ্যেই তার দোকানে যাতায়াত করতেন। ফলে আমিরের যাতায়াতের সময় সম্পর্কে তারা আগে থেকেই অবগত ছিলেন। পথ আটকে অভিযুক্তরা ব্যবসায়ীর কাছে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। আমির টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে হিমেল সরকার তার হাতে থাকা দুই-তিন ফুট লম্বা চায়না স্টিলের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে এবং প্রাণনাশের হুমকি দেয়। প্রাণের ভয়ে আমির তার লুঙ্গির কোচায় লুকিয়ে রাখা নগদ এক লাখ ২০ হাজার তিনশো টাকা বের করতে গেলে ছিনতাইকারীরা তা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় ভু্ক্তভোগী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা গ্রহণ করেন। এরপর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে (শুক্রবার) দুর্গাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এদিকে, এ ঘটনার পরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকারকে তার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
সংগঠনটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রমাগত দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নৈতিক স্খলনের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সকলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গতকাল (বৃহস্পতিবার) থেকেই স্থায়ী বহিষ্কারাদেশ পূর্ণাঙ্গরূপে কার্যকর হয়েছে। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক সুস্থ পরিবেশ বজায় রাখার অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
চূড়ান্ত বহিষ্কারাদেশের নথিতে সংগঠনটির পক্ষে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের চারজন যুগ্ম-আহ্বায়ক মীর্জা- সালমান আরসাদ নজরুল, রাকিব হাসান, মো. রতন এবং সুমন মন্ডল।
পড়ুন : কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু


