ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের ওই তৈরি পোশাক কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ কারখানার ভেতরে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই কারখানাজুড়ে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, কারখানাটিতে বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের পর কারখানার ভেতর থেকে কিছুক্ষণ পরপর বিকট শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারখানার ভেতরে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে কিংবা সেখানে কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে। তবে আগুনের ভয়াবহতা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, আগুনের সূত্রপাত বয়লার বিস্ফোরণ থেকে হয়েছে কি না এবং কারখানার ভেতরে পরপর বিকট শব্দের কারণ কী—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পড়ুন : গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী


