সাভারে পার্কিং করা ‘সাভার পরিবহনের’ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনের পাশে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মুঠোফোনে নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ভোর রাত ৩টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বাসের মালিক ও পুলিশ এসেছিলেন, তারাও আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেননি।
এদিকে, বিষয়টি জানতে একাধিকবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমের মুঠোফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।
এর আগে রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় বাসটির মালিক সুলতান আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মামলায় ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আগুন লাগার কারণ এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
ওসি সফিকুল ইসলাম বলেন, বাস মালিক সুলতান আহমেদ বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত টিম ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি।
যেভাবে আগুন লাগে
গত শনিবার রাত ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের শ্রমিক সমিতি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ‘মা ক্লাসিক পরিবহন’ বাসে আগুনের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি কুষ্টিয়া-দৌলতদিয়া রুটে চলাচল করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার পর টার্মিনালে দায়িত্বে থাকা টহল পুলিশ ও নাইট গার্ডরা একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে আশপাশে থাকা বাসের শ্রমিকদের ঘুম থেকে তুলে অন্য বাসগুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এরই মধ্যে ‘মা ক্লাসিক পরিবহন’ বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ কারণে ঘটনাটি অজ্ঞাত হিসেবে রিপোর্ট করা হয়।
পড়ুন:ইয়েমেনে তীব্র সংঘর্ষ, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
ইমি/


