টাঙ্গাইলের দাইন্যা ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক চেয়ারম্যান ও টাঙ্গাইল সদর থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার প্রায় ১৩ বছর পর আদালত রায় দিয়েছেন। রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ফয়সাল আল মামুন এ দণ্ডাদেশ দেন। এছাড়া রায়ে একজনকে বেকসুর খালাস দেয়া হয়৷
দুপুরে টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম টাঙ্গাইল শহরে আকুরটাকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তিনি প্রাতর্ভ্রমণে বের হন। আকুরটাকুর বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনার পরদিন তাঁর ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেন তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ। গোয়েন্দা পুলিশের অভিযোগপত্রের বিরুদ্ধে মামলার বাদী লাভলু মিয়া আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালতের নির্দেশে সিআইডি মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব পায়। তদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল টাঙ্গাইল সিআইডির পরিদর্শক রফিক উদ্দিন আহম্মেদ আবার অভিযোগপত্র জমা দেন। এ অভিযোগপত্রেও আগের ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক কাজ শুরু হয়।
পড়ুন:কুমিল্লার দেবিদ্বারে মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা
ইমি/


