জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে শোভাযাত্রা করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের সিও অফিস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান শেখ, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস মাঝি, সাবেক সদস্য সচিব মো. মাসুদ শেখ, যুগ্ম আহ্বায়ক এস এম রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীর ও সাবেক সদস্য সচিব রহিম শেখসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি করে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান বক্তারা।
পড়ুন : অনিশ্চয়তার দিন শেষ, এমপি ধলুর উদ্যোগে ঘর পেলেন দুই অসহায় পরিবার


