গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র সফিপুর বাজার এখন যেন এক বড় ময়লার ভাগারে পরিণত হয়েছে। হাটের মূল পয়েন্ট থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে পড়ে থাকা বর্জ্যের স্তূপের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন বাজারের শত শত দোকানপাট ও বাসাবাড়ির বর্জ্য ফেলা হচ্ছে উম্মুক্ত স্থানে। বাজার পরিচালনা কমিটির সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং স্থানীয় পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পচা ময়লা-আবর্জনা ও ড্রেনের কাদা পানি একাকার হয়ে চারদিকে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। সামান্য বৃষ্টি হলেই ময়লার স্তূপ থেকে দূষিত পানি ছড়িয়ে পড়ে পুরো রাস্তায়, যা হেঁটে চলাচলের একদম অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়মিত বাজারের সমস্ত নিয়ম মেনে চলি। অথচ ময়লার গন্ধে দোকানে বসে বেচাকেনা করা অসম্ভব হয়ে পড়েছে। কাস্টমাররা গন্ধের ভয়ে বাজারে আসতে চান না, এতে আমাদের ব্যবসার বারোটা বাজছে।”
রাস্তা দিয়ে চলাচলকারী এক শিক্ষার্থী জানান, “প্রতিদিন এই দুর্গন্ধযুক্ত রাস্তা দিয়ে কলেজে যেতে হয়। নাকে রুমাল দিয়েও রক্ষা পাওয়া যায় না। এতে নিশ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক সময় বমি ভাব আসে।”
চিকিৎসকদের মতে, উম্মুক্ত স্থানে এভাবে ময়লা ফেলা এবং তা থেকে সৃষ্ট পরিবেশ দূষণের কারণে ডেঙ্গু, ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসকষ্টজনিত নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। দ্রুত এই ময়লা অপসারণ করা না গেলে এলাকায় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে সফিপুর বাজারের বর্জ্য অপসারণ, কালিয়াকৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডে স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ এবং নিয়মিত বাজার পরিষ্কার রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।
পড়ুন : অনিশ্চয়তার দিন শেষ, এমপি ধলুর উদ্যোগে ঘর পেলেন দুই অসহায় পরিবার


