বিজ্ঞাপন

জমির সীমানা নিয়ে বিরোধ, ভোরে দোকানে হামলা-লুটের অভিযোগ

বিজ্ঞাপন

জামালপুরের মাদারগঞ্জে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শহিদুল্লাহ। ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অভিযোগকারী শহিদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের মহিষবাথান পূর্বপাড়ার বাসিন্দা মৃত সুরুজ্জামান মন্ডলের ছেলে। তাঁর দাবি, কড়ইচূড়া মৌজায় বাড়িভিটাসহ ৪৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে বেলাল, বকুল ও আজিদুলসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। তাঁর ভাষ্য, ওই জমির বিআরএস রেকর্ড তাঁর দাদা কছর মন্ডলের নামে রয়েছে এবং ওয়ারিশসূত্রে তাঁরা ওই জমির মালিকানা হিসেবে ভোগদখলে রয়েছেন।

শহিদুল্লাহর অভিযোগ, পুরোনো বসতঘর ভেঙে ওই জমিতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করলে বেলাল গং জমির সীমানা নিয়ে আপত্তি তোলেন। গত রোববার দুপুরে তাঁরা নির্মাণকাজে বাধা দেন। পরে বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শহিদুল্লাহর দাবি, এরই জের ধরে সোমবার ভোরে বেলাল, বকুল ও আজিদুলসহ কয়েকজন তাঁর দোকানে হামলা চালান। এ সময় দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। তাঁর অভিযোগ, দোকান থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর উভয় পক্ষের কয়েকজন আহত হলে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা আইনুল হক বলেন, “সকালে উঠে মানুষ সৃষ্টিকর্তার ইবাদত করে। কিন্তু এভাবে অতর্কিত হামলা ও দোকানে লুটপাটের ঘটনা দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।”

কছর মন্ডলের ছেলে মোরাদুজ্জামান বলেন, “ফজরের নামাজ শেষে শুনি শহিদুল্লাহর দোকানে হামলা হচ্ছে। সেখানে গিয়ে কয়েকজনের হাতে অস্ত্রশস্ত্র দেখতে পাই। এমন ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।”

তবে শহিদুল্লাহর করা অভিযোগ অস্বীকার করেছেন বেলাল গং। তাঁদের দাবি, শহিদুল্লাহরা তাঁদের জমির সীমানার ভেতরে ঢুকে ঘর নির্মাণ শুরু করেন। নির্মাণকাজ শুরুর সময় তাঁরা বাধা দিলেও শহিদুল্লাহরা জোর করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে কথা বলতে গেলে উল্টো তাঁদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।

এ ঘটনায় শহিদুল্লাহ বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযোগে হামলা, ভাঙচুরের পাশাপাশি দোকান থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের অগ্রগতি বা এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। জমির মালিকানা ও সীমানা নিয়ে বিরোধের প্রকৃত অবস্থাও সংশ্লিষ্ট ভূমি রেকর্ড, দলিলপত্র এবং তদন্তের মাধ্যমে নির্ধারণযোগ্য।

স্থানীয়রা জমি নিয়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি এবং ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

পড়ুন : টাঙ্গাইলে ব্রীজের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন