লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দরশহর মোখায় বিমান অভিযান চালিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। এতে ৬ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।
ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, “সোমবার রাতে মোখায় বোমা বর্ষণ করেছে সৌদি বিমান বাহিনী। এতে ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নিহত এবং আহতরা সবাই বেসামরিক। আহতদের মধ্যে ২ জন শিশু এবং একজন নারী আছেন।”
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করেছে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের দাবি, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং গোষ্ঠীটির সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলো লক্ষ্য করে সৌদি বিমান বাহিনীর অভিযান ব্যাপকভাবে বেড়েছে।
হুথি হাইকমান্ডের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর—৭ দিনে প্রায় ৩০০টি অভিযান সৌদি বিমান বাহিনী পরিচালনা করেছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি আরবের বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির ভিডিওও পোস্ট করেছে গোষ্ঠীটি। এ ছাড়া সৌদির জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও সম্প্রতি কয়েক দফা হামলা চালিয়েছে হুথি বাহিনী। এসব হামলায় রিয়াদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়েছে।
আগস্টের শেষ সপ্তাহ থেকে ইয়েমেনে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের তীব্র উত্তেজনা শুরু হয়েছে। এরই মধ্যে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাতের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এরপর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখল করেছে হুথি যোদ্ধারা। বিষয়টি সৌদি আরবের জন্য বড় দুঃসংবাদ হিসেবে দেখা হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এত দিন বাব এল মান্দেব প্রণালি দিয়ে নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।
পড়ুন : জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
সা/


