কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় চায়না রানী বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিআরবি কেবলসের সামনে (কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে) ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চায়না রানী বিশ্বাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতল পাড়ায়।
আহত বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, স্ত্রী চায়না রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ। স্ত্রীকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তিনি সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে রওনা হন। শহরের প্রবেশ মুখে বিআরবি কেবলসের সামনে জমি জটিলতায় ফোরলেন সড়কের একপাশের কাজ শেষ হয়নি। ফলে অন্যদের মত বাধ্য হয়ে উল্টো রাস্তায় ঢুকে পড়েন বিদ্যুৎ কুমার বিশ্বাস। এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনেই আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চায়নাকে মৃত ঘোষণা করে।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। পুলিশ চালক ও ট্রাকটি শনাক্তে কাজ করছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
ইমি/


