ফটিকছড়ির শাহনগরে একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরে ঢুকে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘরে থাকা দুটি মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নেয়নি চোরেরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময় ইসলামিয়া বাজারস্থ দারগ আলী তালুকদার বাড়ির আলমগীর হোসেন বাহাদুরের ঘরে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আলমগীর হোসেন বাহাদুর জানান, ঘরে আমরা ঘুম ছিলাম। চোরেরা প্রথমে ঘরের মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি আলমিরার তালা ভেঙে সেখান থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এর মধ্যে বেড়াতে আসা তার মেয়ের সাড়ে ৮ ভরি এবং তার স্ত্রীর ৪ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে।
বাহাদুরের দাবি, ঘরে থাকা দুটি মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র চোরেরা নেয়নি। শুধু যে আলমিরায় স্বর্ণালঙ্কার রাখা ছিল, সেটিই ভেঙে স্বর্ণ নিয়ে যাওয়ায় তিনি ধারণা করছেন, ঘটনার সঙ্গে পরিচিত বা জানাশোনা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারেন।
তিনি বলেন, “চোরেরা যদি শুধু চুরি করতে আসত, তাহলে ঘরে থাকা অন্যান্য মূল্যবান জিনিসও নিয়ে যেতে পারত। কিন্তু তারা শুধু যে আলমিরায় স্বর্ণ ছিল, সেটিই ভেঙেছে।”
তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পড়ুন:জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, ২ জনের ১০ বছর
ইমি/


