জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় চট্টগ্রাম বিভাগে প্রায় ৫০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) সাতকানিয়ার কেরানিহাট শাখায় সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নেয়াজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) আবু রাশেদ, আঞ্চলিক ব্যবস্থাপক (বিবর্তন) বিপ্লব চন্দ্র দাশ, সমন্বয়ক (কৃষি ইউনিট) নওরিন আক্তার, সিনিয়র এলাকা ব্যবস্থাপক দেব কুসুম বড়ুয়া ও এলাকা ব্যবস্থাপক কাজল কুমার কুন্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাজেদা ফাউন্ডেশন জানায়, সরকারের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সারাদেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ১৪টি রিজিয়নের ২৩৬টি শাখার মাধ্যমে প্রায় ১৫ হাজার সদস্যের মাঝে ১ লাখ ১৫ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। উপকারভোগীদের মধ্যে নারী সদস্যের সংখ্যাই বেশি। কর্মসূচির আওতায় একজন সদস্যকে প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী ৫ থেকে সর্বোচ্চ ১৫টি পর্যন্ত চারা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তিনটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় প্রায় ৫০ হাজার চারা বিতরণ করা হবে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ মানুষের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চারা বিতরণের পাশাপাশি রোপণের পর গাছের পরিচর্যা ও সংরক্ষণে সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ এবং কারিগরি সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণে জনসম্পৃক্ততা ও নারী ক্ষমতায়নের পাশাপাশি দেশের সবুজায়নে অবদান রাখার প্রত্যাশা করছে সাজেদা ফাউন্ডেশন।
পড়ুন : সংবাদ প্রকাশের ১ ঘণ্টার মাথায় তড়িঘড়ি করে সরানো হলো বাংলোর আলোকসজ্জা


