পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ তালেবুর রহমান ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি পেশাগত দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন : জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আজ
সা/


