পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের আমান উল্লাহ কলেজের সামনে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়ার মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী উপজেলার মো. শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মো. সিয়াম সরদার (১৯)।
পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য আনা হয়েছিল। চোরাচালানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জগলুল হাসান জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন : নেত্রকোনায় প্রতারণা মামলার প্রধান আসামি এসআরবি’র হাতে বন্দি


