বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টার প্রতিবাদে সাভারে ঢাকা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সাভার থানাস্ট্যান্ডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
এসময় ঢাকা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল-যুবদলের বিক্ষোভ মিছিল


