সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ সিজন-২’-এর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার করতোয়া নদীর তীরে সোনতোলা ব্রিজসংলগ্ন এলাকায় এ নৌকা বাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং মিলকান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার মোট ২০টি নৌকা অংশ নেয়।
নৌকা বাইচকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকেই করতোয়া নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। উল্লাপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ, শিশু ও কিশোরসহ হাজারো দর্শনার্থী নদীর দুই তীরে জড়ো হন। ঢাক-ঢোলের বাদ্য, মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দ এবং দর্শকদের করতালিতে পুরো নদীপাড় উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতায় একের পর এক নৌকা নদীর বুক চিরে ছুটে চললে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কেউ নদীর তীরে দাঁড়িয়ে, আবার কেউ নৌকায় চড়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। ঐতিহ্যবাহী এ আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, গ্রামবাংলার সুস্থধারার সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। বিদেশি অপসংস্কৃতির প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে মুক্ত রাখতে নিজস্ব সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি।
তিনি আরও বলেন, দেশের যুব সমাজের একটি অংশ মাদকের ভয়াবহতার মধ্যে জড়িয়ে পড়ছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে শারীরিক পরিশ্রম ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবে।
ফাইনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজয় নিসান খাদলী, উল্লাপাড়া এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে কৈবর্তগাতী নিউ একতা এক্সপ্রেস, উল্লাপাড়া।
নৌকা বাইচ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক এসএম আল আমীন হোসেন, সলপ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম, বড়হর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বুলবুল আহমাদ এবং দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মমিন।
পড়ুন : নবাবগঞ্জে ভাঙা মসজিদের সম্পত্তি নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


