চট্টগ্রামের পটিয়ায় মন্দিরে টাইলস বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকার কৃষ্ণ মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান খরনা ইউনিয়নের লালারখীল গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। তিনি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে কৃষ্ণ মন্দিরে টাইলস বসানোর কাজ করছিলেন মিজানুর। কাজের একপর্যায়ে বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খরনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মন্দিরে টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়ুন : রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


